Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব, আক্রান্ত ১২ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরা নামের অতি ক্ষুদ্র পরজীবীর সংক্রমণে সৃষ্ট সাইক্লোস্পোরিয়াসিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত ১২ হাজারের বেশি আক্রান্তের তথ্য নথিভুক্ত হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে শনাক্ত হওয়া ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পাশাপাশি নতুন করে ইলিনয়, কানসাস, ওকলাহোমা এবং পেনসিলভানিয়ায়ও এ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য কর্মকর্তারা যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

৯টি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত ১২ হাজারের বেশি মানুষের তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা মিশিগানে। যদি এসব সংক্রমণ একই উৎসের সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত হয়, তাহলে গত তিন দশকে যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত রোগের সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি হিসেবে এটি বিবেচিত হবে।

রোগীদের সাক্ষাৎকার ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন, মধ্য মেক্সিকো থেকে আমদানি করা আইসবার্গ লেটুসই সংক্রমণের সম্ভাব্য প্রধান উৎস। বিষয়টি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করছে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টেইলর ফার্মস তাদের প্রক্রিয়াজাত কুচানো লেটুস বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির এসব পণ্য যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, খাদ্যসেবা প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয়েছিল।

This post was viewed: 4

আরো পড়ুন