যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ ও হামলার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে।
এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক অভিযোগ প্রত্যাখ্যান করেন আরাগচি। এর আগে রুবিও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে ইরান আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের সামরিক কার্যক্রম আন্তর্জাতিক নৌযানকে লক্ষ্য করে নয়, বরং এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ।
তিনি বলেন, ইরানি বাহিনী এমন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র বেসামরিক জাহাজ চলাচলে হামলা চালায় এবং চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
আরাগচি আরও বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি, নতুন যুদ্ধের মাধ্যমেও তা অর্জন করা সম্ভব হবে না।
কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোকেও আত্মরক্ষামূলক অভিযান হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলার সময় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া একটি হামলায় একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
আরাগচির দাবি, যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহার করে এবং যেখান থেকে বেসামরিক জাহাজে হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কার্যক্রম পরিচালিত হয়, এমন স্থাপনাগুলোতেই হামলা চালিয়েছে ইরানি বাহিনী।