যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত একটি নতুন বিধিমালা অনুমোদন করেছে হোয়াইট হাউস। এতে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদে থাকার নিয়ম চালুর প্রস্তাব করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময় সর্বোচ্চ ৪ বছরে সীমাবদ্ধ করা হতে পারে।
প্রস্তাবিত এই পরিবর্তন এফ-১ শিক্ষার্থী ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ আরও কিছু ভিসাধারীর ওপর প্রভাব ফেলবে। ফলে যেসব শিক্ষার্থীর পড়াশোনা শেষ হতে ৪ বছরের বেশি সময় লাগবে, তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে আলাদাভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।
বর্তমান নিয়মে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকা এবং ভিসার শর্ত মেনে চলার ভিত্তিতে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন।
এই ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা তুলনামূলক সহজে বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন, স্নাতক শেষে স্নাতকোত্তরে ভর্তি এবং অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং সম্পন্ন করার সুযোগ পান।
তবে নতুন নিয়ম চালু হলে সেই সুবিধায় পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হবে। চূড়ান্ত বিধিমালা এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের খসড়া অনুযায়ী, অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ৪ বছরের থাকার মেয়াদ নির্ধারণ করা হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যেসব শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম ৪ বছরের বেশি সময় ধরে চলবে, তাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার কাছে মেয়াদ বাড়ানোর অনুমতি চাইতে হবে।
এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অতিরিক্ত কাগজপত্র জমা, বায়োমেট্রিক তথ্য প্রদান, বাড়তি যাচাই-বাছাই এবং দীর্ঘ সময় অপেক্ষার মুখোমুখি হতে হতে পারে।
এরই মধ্যে প্রস্তাবিত বিধিমালাটি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পর্যালোচনা সম্পন্ন করেছে।