Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নাকচ করল ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ওয়াশিংটনের এ প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমসের তথ্য উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইরানি কর্মকর্তারা কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন। তাদের মতে, এমন সমঝোতা হলেও হরমুজ প্রণালি নিয়ে বিদ্যমান বিরোধের সমাধান হবে না।

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত বা বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি যুক্তরাষ্ট্র সফরকালে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেই সফর শেষে বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান।

জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আমন্ত্রণে তিনি তেহরান সফর করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবেই তার এই সফর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন