Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ, ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে ‘ইসলামাবাদ চুক্তি’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের সংবাদমাধ্যম ফার্সের খবরে বলা হয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির আওতায় দেওয়া নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে।

গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইরানও চুক্তির বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। তাঁর ভাষায়, তেহরান এখন চুক্তি নিয়ে নয়, বরং দেশের প্রতিরক্ষার বিষয়েই মনোযোগ দিচ্ছে।

এর আগে বিভিন্ন সময় ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তারা। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে পুরো চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল ইরান।

ইরানের কারিগরি আলোচক দলের প্রধানের দায়িত্বেও থাকা কাজেম গারিবাবাদি বলেন, ‘বাস্তবে যুক্তরাষ্ট্র আগেই পুরো চুক্তি স্থগিত করে দিয়েছে। এর ফলে আমরাও একইভাবে আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা আর ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি না।’

এর মাধ্যমে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তারা আর ইসলামাবাদ চুক্তির কোনো ধারাই মেনে চলবে না।

This post was viewed: 21

আরো পড়ুন