যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি মা ও তার ১৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
এসেক্স পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্কসংলগ্ন এলাকায় কয়েকজন পানিতে বিপদে পড়েছেন- এমন খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চল্লিশোর্ধ্ব এক নারী ও এক কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও ৩ জনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নারী সেলিনা রহমান পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা এবং যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। নিহত কিশোরী তাদের ১৫ বছর বয়সী মেয়ে। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, জোয়ারের স্রোতে পরিবারের ৭ বছর বয়সী একটি শিশু ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে মা ও মেয়ে পানিতে নামেন। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারা দুজনই সাগরের প্রবল স্রোতে তলিয়ে যান। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যাল পিচার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন বা কারও কাছে এ ঘটনার ছবি কিংবা ভিডিও থাকলে তদন্তের স্বার্থে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।