ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক বিমানবালাকে সাময়িক বরখাস্ত করেছে স্পাইসজেট। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বিমান সংস্থাটি।
গত ১৩ জুন দিল্লিগামী স্পাইসজেটের এসজি-১৫১ ফ্লাইটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই দিন ফ্লাইটটি প্রথমে বিলম্বিত হয় এবং পরে বাতিল ঘোষণা করা হয়। এরপর ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে এক কর্মীর তর্কের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে স্পাইসজেট জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট উড়োজাহাজটি বাগডোগরার পরিবর্তে কলকাতায় পাঠানো হয়। পরে বিমানবন্দরের নির্ধারিত কার্যক্রমের সময়সীমার কারণে ফ্লাইটটি বাতিল করতে হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইট বাতিলের পর কয়েকজন যাত্রী ও কর্মীদের মধ্যে মৌখিক বিরোধের ঘটনা ঘটে।
স্পাইসজেট বলেছে, যদিও আবহাওয়া পরিস্থিতি বিমান সংস্থার নিয়ন্ত্রণের বাইরে, তবুও আমাদের যাত্রীদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের যাত্রী এবং কার্যক্রমের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বিমান সংস্থাটি আরও জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাওয়া বিমানবালার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী পর্যালোচনার জন্য রিফ্রেশার প্রশিক্ষণে পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই যাত্রীদের সঙ্গে বিমানবালার আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ পুরো ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
স্পাইসজেট জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করা হবে এবং পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।