রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবেশীর মারধরের অভিযোগে রিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে বসবাস করতেন।
হাসেম মৃধা জানান, তার ছেলে একটি কার্টন কারখানায় কাজ করতেন। ঘটনার সময় বাসার সামনের রাস্তায় বসে ছিলেন রিফাত। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে উদ্দেশ্য করে বলেন, “এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি?” জবাবে রিফাত বলেন, “আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা।”
তার ভাষ্য অনুযায়ী, ওই কথোপকথনের পর শাকিল রিফাতকে গালিগালাজ ও মারধর করেন। পরে বিষয়টি মীমাংসা হলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে রিফাতকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে রিফাত ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এরপর শাকিল সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসেম মৃধা আরও বলেন, অভিযুক্ত শাকিল ও তার মা পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর তারা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।