Skip to main content

Ridge Bangla

যাত্রাবাড়ীতে পিকআপে ৭০ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা, মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান চালায়। অভিযানে মো. রমজান চৌধুরী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপও জব্দ করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন