Skip to main content

Ridge Bangla

যশোরে সেনা অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৩ চোরাকারবারি

যশোরের বেনাপোল থেকে খুলনাগামী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিনজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) এবং বেনাপোলের ডলি (৪৫)।

বুধবার (১১ জুন) রাতে যশোর জংশনে যশোর সেনা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেসে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা যশোর জংশনে অবস্থান নেন। ট্রেনটি স্টেশনে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহভাজন তিন যাত্রীর গতিবিধি সেনা সদস্যদের নজরে আসে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও অন্যান্য রাজস্ব ফাঁকির পণ্য জব্দ করা হয়।

আটককৃতদের পণ্যসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

This post was viewed: 55

আরো পড়ুন