যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে যশোর শহরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন সেলিম রেজা। পথে হাশিমপুর এলাকার আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর তিনি সড়কে ছিটকে পড়লে ঢাকাগামী আরেকটি যানবাহনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ।