Ridge Bangla

যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরের শার্শা উপজেলায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান (নাহিদ) ও সোহাগ হোসেন (উষা)। আহত রুবেল হোসেনও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। রুদ্রপুর-গোগা সড়কের সালামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

This post was viewed: 3

আরো পড়ুন