ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং সড়ক দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ঢাকামুখী লেনে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি ও যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রাজধানী ও শিল্পাঞ্চলমুখী হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এদিকে শুক্রবার ভোররাতে যমুনা সেতুর উত্তরবঙ্গগামী লেনে বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো লেন ব্লক হয়ে যায়।
এছাড়া, ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী রিজার্ভ নেওয়া লোকাল একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। এসব কারণে উভয় লেনেই যানজটের সৃষ্টি হয়েছে। একটি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ফলে সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।