ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকার বেশি।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন সেতু পার হয়েছে। এসব যানবাহন থেকে মোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি টোল বুথের পাশাপাশি শনিবার থেকে আরও ৪টি বুথ যুক্ত করে মোট ১৮টি বুথ চালু করা হয়েছে, যাতে যান চলাচল দ্রুত ও স্বাভাবিক থাকে।