Ridge Bangla

যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, গুজব বললেন প্রকৌশলী

সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে সেতুর প্রকল্প সংশ্লিষ্টরা এই ছবিকে সম্পূর্ণ গুজব বলছেন।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একটি কুচক্রি মহল ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি পোস্ট করে। একটি নির্দিষ্ট গ্রুপ থেকে নবনির্মিত সেতুর পিলারে ফাটলের চিহ্নসহ ছবি দেওয়া হয়। এরপর অন্যান্য পেজ ও গ্রুপে ছবির বিভিন্ন অ্যাঙ্গেল প্রকাশ করে গুজব আরও ছড়িয়ে পড়ে। এর ফলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ফেসবুকে দুটি–একটি দৃশ্য ফাটল ধরার মতো দেখানো হয়, যা মিথ্যা ও প্ররোচনামূলক বলে ধরা হচ্ছে।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক সাংবাদিকদের বলেন, “সেতুর কোনো পিলারেই ফাটল নেই। প্রকল্পের সেতুর কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। এটি একটি কুচক্রি মহল এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে গুজব ছড়িয়েছে।”

তিনি জনগণকে এমন মিথ্যা তথ্যের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্বে জনগণকে আশ্বস্ত করেছেন। প্রকৌশলীর মতে, সামাজিক মাধ্যমে এ ধরনের মিথ্যা ছবি দ্রুত ভাইরাল হয়, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করতে পারে। তিনি বলেছেন, যমুনা রেল সেতু নির্মাণে উচ্চমানের প্রযুক্তি ও শক্তিশালী নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়েছে। তাই কোনো ধরনের ফাটল বা কাঠামোগত সমস্যা নেই। যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি সম্পূর্ণ গুজব, এবং কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন