Ridge Bangla

মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। এতে কয়েকটি পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সঙ্গে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের গবাদিপশুগুলো বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

হঠাৎ এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিপাকে পড়েছে। স্থানীয়দের মতে, এসব গবাদিপশু ছিল তাদের আয়ের অন্যতম উৎস। একসঙ্গে এতগুলো পশু হারিয়ে পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা জানান, দরিদ্র এসব পরিবারের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন