রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সাবেক মেয়র ও শেখ ফজলে নূর তাপস, সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না থাকায় নির্ধারিত তারিখে শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। অন্যদিকে কয়েকজন আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় নিরীহ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হন। চলতি বছরের ১৮ জানুয়ারি আদালত অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।