Ridge Bangla

মোহাম্মদপুরে বিশেষ অভিযান, ধারালো অস্ত্র ও চোরাই মালসহ দুই তরুণ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবর রোড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের সূত্র ধরে অভিযানের পরিধি আরো বাড়ানো হয়।

মোহাম্মদপুর থানার এসআই শহিদুল ওসমান মাসুম জানান, অভিযুক্তদের তথ্য অনুযায়ী আদাবরের শেখেরটেক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন প্রকার ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের যন্ত্রাংশ ও ইলেকট্রনিক টেস্টিং ডিভাইসসহ নানা ধরনের মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এসব ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং লুটের মাল ওই বাসায় লুকিয়ে রাখত।

মোহাম্মদপুর থানায় আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 49

আরো পড়ুন