বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ৩০তম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের তিন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। শনিবার (৬ সেপ্টেম্বর) ৩০ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত বাঁহাতি এই পেসার।
১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ২০১৫ সালের ২৪ এপ্রিল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দলে ডাক পড়ে তার। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে শহীদ আফ্রিদি ও মোহাম্মাদ হাফিজের উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
আইপিএলে বাংলাদেশের সর্বাধিক সফল বোলার মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। চলতি বছর তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও মোস্তাফিজের অর্জন কম নয়। ১১৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৪২ উইকেট। এ তালিকায় তিনি পঞ্চম স্থানে আছেন। বাংলাদেশের সেরা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ১৪৯, আর শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান ১৬৭ উইকেট নিয়ে।
২০১৯ সালের ২২ মার্চ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলে খেলেছেন। ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ওয়ানডে অভিষেকে বিশ্বের ১০ম বোলার হিসেবে পাঁচ উইকেট নেন। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে প্রথম দুই ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান।
চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, “বাংলার এক বাঘ, যার সাহস সিংহের মতো। ফিজের জন্মদিন অসাধারণ কাটুক—এই শুভকামনা জানাচ্ছি।” দিল্লি ক্যাপিটালসও লিখেছে, “৩০ বছর পূর্ণ করা ফিজকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।” রাজস্থান রয়্যালস জানিয়েছে, “তার ফিজি ধীরগতির কাটারগুলো মনে আছে। আমাদের পুরনো বন্ধু মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা।”