নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন ‘স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি জানাচ্ছিলেন। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে পারেননি।
এ নিয়ে মঙ্গলবার রাতে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
হামলায় কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন ও আর্থিক বিষয় নিয়ে বিরোধের জেরে বাবার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।