Skip to main content

Ridge Bangla

মোবাইল অ্যাপে পরিচয়, বন্ধুর টানে চীন থেকে নাটোরে যুবক; এলাকায় চাঞ্চল্য

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, পরে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানেই চীন থেকে নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রী তরুণীর সঙ্গে দেখা করতে এসেছেন এক চীনা যুবক। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে ওঠেন ওই চীনা নাগরিক। পরিবারের দাবি, স্কুলছাত্রী সাদিয়ার সঙ্গে অনলাইনে গড়ে ওঠা বন্ধুত্বের সূত্র ধরেই তিনি বাংলাদেশে এসেছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া ও ওই চীনা নাগরিকের পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই বন্ধুত্বের টানেই তিনি বাংলাদেশে বেড়াতে আসেন।

সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন বলেন, প্রায় পাঁচ মাস আগে তার মেয়ের সঙ্গে চীনা নাগরিক সুবেদের পরিচয় হয়। বিষয়টি জানার পর তারা তাকে বাংলাদেশে আসতে বলেন। প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা করার পর তিনি দেশে এলে বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়ের বন্ধু হিসেবে কয়েকদিন অবস্থান করে তিনি আবার নিজ দেশে ফিরে যাবেন বলেও জানান তিনি।

সাদিয়া বলেন, অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর ওই চীনা যুবক তার সঙ্গে বন্ধুত্ব করতে চান। পরে বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানালেও প্রথমে তিনি বিষয়টি বিশ্বাস করেননি। প্রায় পাঁচ মাস পর পাসপোর্ট ও ভিসার ছবি পাঠালে তিনি বিষয়টি পরিবারকে জানান। এরপর পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন। তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের এবং কয়েকদিন বেড়ানোর পর তিনি চীনে ফিরে যাবেন বলেও দাবি করেন সাদিয়া।

তবে পরিবারের এমন বক্তব্যের বাইরে স্থানীয়দের মধ্যে ভিন্ন আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, তিনি শুনেছেন ওই চীনা নাগরিক বিয়ের উদ্দেশ্যেই এসেছেন। এমনকি মেয়েটির মায়ের কাছ থেকেও তিনি এ ধরনের কথা শুনেছেন বলে দাবি করেন। তার ভাষ্য, পরিবার প্রথমে বোঝানোর চেষ্টা করলেও মেয়েটি ওই চীনা নাগরিকের সঙ্গে চীনে যেতে আগ্রহী।

জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ভবানীপুর ভাটোপাড়া এলাকায় চীন থেকে এক যুবক এসেছেন। স্থানীয়ভাবে জানা গেছে, এক তরুণীর সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন। তবে তার আগমনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তিনি নিশ্চিত নন।

This post was viewed: 1

আরো পড়ুন