ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ভুয়া পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, প্রচারিত নথিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভাইরাল হওয়া নথিতে অশোক চক্রের প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষরের আদলে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা’ থেকে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন।
তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্টচেক ইউনিট এ দাবি নাকচ করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো পদত্যাগপত্র জারি করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি বলেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এরকম কোনও চিঠি জারি করেননি এবং এতে তার কোনও স্বাক্ষরও নেই।”
এ ধরনের নথি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে সরকারি উৎস থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
এর একদিন আগেও নরেন্দ্র মোদিকে নিয়ে আরেকটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়।
সে সময়ও প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্টচেক ইউনিট পৃথক বিবৃতিতে জানায়, “অনলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি।”
সংস্থাটি আরও জানায়, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সেগুলো প্রধানমন্ত্রীর প্রকৃত বক্তব্য নয়।