মোটরসাইকেলের মালিক ও চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই শ্রেণির মানুষ সাধারণত সম্পদশালী নন এবং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করেন।
রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির লিখেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করছে। তবে তিনি মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “করের আওতা বৃদ্ধি করা রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু জীবনযুদ্ধে সংগ্রামরত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।”
ডা. শফিকুর রহমান তার পোস্টে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তবে তা থেকে সরে আসবে।
তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ জনগণের স্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হতে পারে এবং এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।