দেশে নিবন্ধিত মোটরসাইকেল, উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ি এবং ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটকে সামনে রেখে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত থাকতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসির বাইকের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির বাইকের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের চিন্তা করা হচ্ছে।
এ ছাড়া উচ্চ সিসির বিলাসবহুল গাড়ির বিদ্যমান অগ্রিম আয়কর আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, মূল লক্ষ্য হলো করের আওতা বৃদ্ধি ও কর পরিপালনে স্বচ্ছতা নিশ্চিত করা। বিশেষ করে বিলাসবহুল যানবাহনের মালিকদের কর ব্যবস্থার আওতায় আনা হবে।
ব্যাটারিচালিত অটোরিকশাকেও করজালে আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা এআইটি নির্ধারণ করা হতে পারে।
তবে এ প্রস্তাব নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। রাইড শেয়ারিং কর্মী, ডেলিভারি রাইডার ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। যদিও এনবিআরের সাবেক কর্মকর্তারা বলছেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।