Ridge Bangla

মোংলার বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে পাঁচ সহস্রাধিক মুরগি

বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে পাঁচ সহস্রাধিক মুরগি, নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে।

বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে মোংলার মাছ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে লেগে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বাজারসংলগ্ন দুটি পাইকারি মুরগির আড়তে থাকা পাঁচ সহস্রাধিক মুরগি পুড়ে মারা যায়। পাশাপাশি আগুনে আরও তিনটি মাছের আড়ৎ সম্পূর্ণ পুড়ে গেছে।

তাদের দাবি, আড়ৎগুলোতে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মাছ বিক্রির সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন