প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দুই সফরেই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধনও রয়েছে।
তিনি জানান, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। এ কর্মসূচির মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, প্রকল্পটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে শিগগিরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হবে।
মন্ত্রী আরও জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।