Ridge Bangla

মেসিদের খোঁজে ১৭ হাজার কিলোমিটার সাইকেলযাত্রা

লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের আবেগ-উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী। তবে চলমান ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিন আর্জেন্টাইন সমর্থক যা করে দেখিয়েছেন, তা যেকোনো রূপকথাকেও হার মানাবে।

প্রিয় ফুটবলার ও দলকে সরাসরি দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন ওই তিন বন্ধু। দীর্ঘ ১০ মাস ধরে সাইকেল চালিয়ে ১৭টি দেশের সীমানা অতিক্রম করেছেন তারা। সবশেষে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে এসে যাত্রার সমাপ্তিকালে প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্পন্ন হয়েছে তাদের।

ব্যতিক্রমী ও দুঃসাহসিক এই অভিযানের তিন মূল চরিত্র হলেন আর্জেন্টিনার গুয়ালেগুয়াইচু শহরের বাসিন্দা ভিসেন্তে কনকুলিনি, ইয়ামান্দু মার্তিনেস এবং মিগুয়েল সিলিও। পেশাদার সাইক্লিস্ট না হয়েও কেবল ফুটবলপ্রেমের টানে গত বছরের আগস্টে ঘর ছাড়েন তারা।

মজার ব্যাপার হলো, যাত্রা শুরুর সময় বিশ্বকাপের ড্র পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ফলে আলবিসেলেস্তেরা ঠিক কোন শহরে খেলবে, তাও জানা ছিল না তাদের। তবে মনে দৃঢ় বিশ্বাস ছিল, আলবিসেলেস্তেরা যেখানেই খেলবেন, তারা ঠিক সেখানে পৌঁছে যাবেন।

লক্ষ্য ও উদ্দেশ্য সামনে স্পষ্ট থাকলেও টানা ৩০০ দিনের এই দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ মোটেও মসৃণ ছিল না। প্রতিটি সাইকেলে প্রায় ৮০ পাউন্ড ওজনের মালামাল নিয়ে বলিভিয়া ও পেরুর ৫ হাজার মিটারেরও বেশি উঁচু পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হয়েছে তাদের।

কখনো হাড়কাঁপানো তাপমাত্রার মুখোমুখি হয়েছেন, আবার কখনো ইকুয়েডরের কারাগারের দাঙ্গা কিংবা কলম্বিয়ার গাড়ি বোমা বিস্ফোরণের মতো চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে এই প্রতিকূলতার মাঝেই তাদের দেখা মেলে বাস্কেটবল কিংবদন্তি ইমানুয়েল গিনোবিলির সঙ্গে, যার সঙ্গে বসে ঐতিহ্যবাহী ‘মেট’ চা পানের এক দারুণ অভিজ্ঞতাও হয়েছে এই ফুটবলপ্রেমীদের।

সব বাধা পেরিয়ে অবশেষে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পা রাখেন এই তিন ভক্ত। যেভাবে দুঃসাহসিক যাত্রা শুরু করেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সেভাবেই পেয়েছেন অভ্যর্থনা। সেখানে পৌঁছানোর পর আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও তাপিয়া নিজে এসে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

তবে এত কষ্ট করে কানসাসে পৌঁছালেও এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচের টিকিট জোগাড় করতে পারেননি তারা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে পাঁচবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।

তবে টিকিট না পাওয়া নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই এই তিন ভক্তের। তাদের মতে, মাঠে বসে খেলা দেখতে না পারলেও কোনো দুঃখ নেই, লিওনেল মেসির একটু দেখা পাওয়া আর তার সঙ্গে একটি ছবি তুলতে পারলেই তাদের এই ১৭ হাজার কিলোমিটারের দীর্ঘ পথচলার কষ্ট সার্থক হবে।

This post was viewed: 4

আরো পড়ুন