ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বা ‘গোট’ (GOAT) বিতর্ক নতুন করে উসকে দিলেন আলোচিত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান। সম্প্রতি নিজের পছন্দের বিশ্বসেরা একাদশ ঘোষণা করতে গিয়ে বিস্ময়করভাবে তিনি বাদ রেখেছেন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে। কেবল বাদ রাখাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেও স্বীকৃতি দিতে নারাজ তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত মরগান সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার স্বপ্নের দল প্রকাশ করেন। তার এই তালিকায় জায়গা পেয়েছেন কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কস। রক্ষণভাগে রয়েছেন কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি ও রবার্তো কার্লোস। মাঝমাঠে জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস এবং রোনালদিনিয়োর ওপর আস্থা রেখেছেন তিনি। আর আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রাজিলের রোনালদো নাজারিও।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে কেন রাখা হয়নি- এমন প্রশ্নের মুখে নিজের অবস্থানে অনড় থেকে একটি ফুটবল অ্যাকাউন্ট থেকে করা পোস্টের পাল্টা জবাবে তিনি সরাসরি বলেন, মেসিকে বাদ দেওয়া মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। তার দাবি, লিওনেল মেসি নিজ দেশ আর্জেন্টিনার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলারও নন। পিয়ার্স মরগানের মতে, দেশের হয়ে ম্যারাডোনার অর্জন এবং তার একক প্রভাব মেসির চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ।
বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া মরগানের এই একাদশ প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফুটবল ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রোনালদোর প্রতি অন্ধ সমর্থনের কারণেই তিনি মেসিকে উপেক্ষা করেছেন।