মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন বাসে হেলপারের সঙ্গে বিরোধের জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ১২টি বাস আটক করেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে কলেজের নিকটস্থ নায়েমের গলিতে নিয়ে যান।
শিক্ষার্থীরা জানান, বুধবার কলেজের এক ছাত্র বাসায় ফেরার সময় মেঘলা ট্রান্সপোর্টের বাসে ওঠেন। পথে একজন যাত্রীর সঙ্গে হেলপারের ঝগড়ায় পরিস্থিতি উত্তপ্ত হলে ওই শিক্ষার্থী তা থামানোর চেষ্টা করেন। এসময় হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে দরজার ধাতব অংশে আঘাত লেগে তার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। আহত শিক্ষার্থীর পায়ে ৪০টি সেলাই লেগেছে। চিকিৎসকদের আশঙ্কা গুরুতর জখমে তার প্যারালাইজড হওয়ার ঝুঁকিও রয়েছে।
নিউমার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার জানান, তারাপুর এলাকা থেকে ফেরার পথে ওই শিক্ষার্থী হেলপারের সঙ্গে ধাক্কাধাক্কিতে আহত হন। তিনি বিষয়টি ওসিকে অবহিত করেছেন। ওসি এসে কলেজ কর্তৃপক্ষ ও পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।