কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা এলাকায় মেঘনা নদীতে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনায় বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। ঘটনাটি নদীপথে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভুক্তভোগীরা জানান, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার ‘এনএম ব্রাদার্স’ নামের বাদাম ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তিন ভাই মাসুম আহমেদ, শামিম আহমেদ ও ফরহাদ আহমেদ প্রতিদিনের মতো ব্যবসার কাজে নৌপথে রওনা হন। তাদের সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ মোট ১০ জন ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজার থেকে বাদাম কেনার উদ্দেশ্যে তারা একটি বস্তায় প্রায় ৩৫ লাখ টাকা বহন করছিলেন।
ভোর পৌনে ছয়টার দিকে নৌকাটি ভৈরব-আশুগঞ্জ মোহনার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা তাদের পথরোধ করে। পরে ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ীদের নৌকায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
মাত্র কয়েক মিনিটের মধ্যেই টাকার বস্তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পালানোর আগে ব্যবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে দেয়, যাতে তারা কোনো ধরনের ধাওয়া দিতে না পারেন।
ঘটনার পর খবর পেয়ে ভৈরব নৌ-থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় এবং মাঝনদী থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে। পরে ডাকাতদের ব্যবহৃত নৌকাটি আশুগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়।