মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) সংঘটিত এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, গুয়াতেমালার রাজধানীতে ভূমিকম্পে ভবন কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় সংবাদমাধ্যমে একটি সরকারি ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্যও প্রচার করা হয়েছে।
রয়টার্স আরও জানায়, এল সালভাদরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
এদিকে মেক্সিকোর ওহাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজ্যের রাজধানীতে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।