Skip to main content

Ridge Bangla

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভারত প্রত্যর্পণ করবে: প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ বিষয়ে তিনি ‘জেনে–বুঝেই’ তথ্য প্রকাশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কিছু না বললেও কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে।

২০১৩ সালের বাংলাদেশ–ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উভয় দেশই একে অপরের পলাতক আসামিদের ফেরত পাঠাতে পারে। তবে চুক্তির কিছু ধারা প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ প্রসঙ্গ তোলেন প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো লিখিত তথ্য নেই। তিনি বলেন, “কামালকে ফেরানোর বিষয়ে প্রেস সচিবের বক্তব্যের সরকারি কোনো নথি আমার জানা নেই।”

তবে প্রেস সচিবের দাবি, বিষয়টি শুধু স্ট্যাটাস নয়, এর পেছনে বাস্তব তথ্য রয়েছে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে গুম–খুনসহ ভয়াবহ অপরাধে জড়িত থাকার অভিযোগে কামালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, ভারত থেকে কামালকে প্রত্যর্পণের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে তিনি মনে করেন, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া তুলনামূলক কঠিন হবে।

This post was viewed: 67

আরো পড়ুন