Ridge Bangla

মুহুরী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ২০ ঘণ্টা পর

ফেনীর মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের পাশের মুহুরী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সাকিবের (২৪) বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তিনি মোহাম্মদ আলী হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরে বসবাস করলেও শুক্রবার তিনি পরশুরাম উপজেলার দক্ষিণ জঙ্গলঘোনা এলাকায় তার নানা মরহুম সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামের পাশে মুহুরী নদীতে দুই নারীর সঙ্গে গোসল করতে নামেন সাকিব। পরপর দুটি ডুব দেওয়ার পর তিনি আর পানির ওপরে উঠতে পারেননি। সঙ্গে থাকা এক নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়। তবে তীব্র স্রোত ও নদীভাঙনের কারণে শনিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। পরে সেদিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

রোববার সকালে দুর্ঘটনাস্থল থেকে ভাটির দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা সেটিকে সাকিবের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে মুহুরী নদীর ফুলগাজীর মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রাম থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।’

This post was viewed: 3

আরো পড়ুন