রাজধানী ঢাকায় শুক্রবার (১ মে) ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ভোর ৫টা থেকে শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে, ফলে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বৃষ্টির কারণে কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক ও মালিবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোথাও কোথাও যানজটও দেখা দেয়, যা নগরজীবনকে আরও স্থবির করে তোলে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ সময়ের বৃষ্টিপাত মৌসুমি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।