দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর রাজধানীর বাজারে মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে একই সময়ে মাছের বাজারে নতুন করে দাম বেড়ে ভোক্তাদের চাপ বেড়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সোনালি ও দেশি মুরগির দাম কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। এক সপ্তাহ আগে সোনালি মুরগি ৪০০–৪১০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৩৫০–৩৬০ টাকায়। পোল্ট্রি মুরগির দামও কমে ১৭০–১৮০ টাকায় নেমেছে। দেশি মুরগির দাম ৭২০ টাকার আশপাশে স্থিতিশীল রয়েছে। তবে লেয়ার মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১৭০ টাকায় উঠেছে।
গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থেকে যথাক্রমে ৮০০ টাকা এবং ১১৫০–১২০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারেও স্বস্তি দেখা গেছে। করলা, পটল, ঢেঁড়স, বেগুন ও কাঁকরোলসহ বেশিরভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
অন্যদিকে মাছের বাজারে চিত্র উল্টো। বেশিরভাগ মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। পাঙ্গাশ ২৩০ টাকা, রুই মাছ ৩৪০ থেকে ৪৫০ টাকা এবং অন্যান্য মাছেও একই ধরনের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।