ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে গিয়ে মেয়র ঋতু তাওড়ের সামনেই খোলা ম্যানহোলে পড়ে যান এক ব্যক্তি। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে মেয়র সতর্ক করেছেন, কোথাও খোলা ম্যানহোল পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার (২৩ জুন) মুম্বাইয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের পর থেকে শহরজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ব্যাহত হয় যান চলাচল। পাশাপাশি দেয়াল ধসসহ অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।
পরিস্থিতি দেখতে বুধবার (২৪ জুন) সকালে দাদার, হিন্দমাতা ও গান্ধী মার্কেটসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মেয়র ঋতু তাওড়ে। এ সময় এক ব্যক্তি খোলা নর্দমা বা ম্যানহোলে পড়ে যান। পরে জানা যায়, তিনি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গে যুক্ত একজন পরিচ্ছন্নতাকর্মী।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে মেয়র জানান, খোলা অবস্থায় কোনো ম্যানহোল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্তও করা হতে পারে।
পরে গণমাধ্যমকে ঋতু তাওড়ে জানান, নর্দমায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ম্যানহোলের ঢাকনা সরানো হয়েছিল।
তিনি বলেন, ‘ওই ব্যক্তিরও সতর্কতামূলক সাইনবোর্ডটি দেখা উচিত ছিল এবং ম্যানহোলের চারপাশে দেয়া ব্যারিকেডগুলো খেয়াল করা উচিত ছিল। যখন স্পষ্টভাবে সতর্ক থাকুন লেখা থাকে, তখন মানুষেরও সতর্ক থাকা প্রয়োজন। আমি মুম্বাইবাসীকে বিএমসির দেয়া নোটিশ ও সতর্কতামূলক পোস্টারগুলো পড়ার অনুরোধ জানাচ্ছি।’
মেয়র আরও জানান, জমে থাকা পানি দ্রুত সরাতে বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে। একই সঙ্গে আটকে থাকা নর্দমার বর্জ্য পরিষ্কারের কাজও চলছে।