বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে জামায়াতের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বাদী জানান, কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির এমপি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন।
এই বক্তব্যের মাধ্যমে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানি হয়েছে, যা ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
এ কারণে মুফতি আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানি মামলা করা হয়েছে, যার আর্থিক ক্ষতিপূরণ ১০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।