মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় এক পরিত্যক্ত মুদি দোকান থেকে বিপুল পরিমাণ ককটেল ও চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে তিনটি প্লাস্টিকের বালতিভর্তি তাজা ককটেল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ককটেলের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে।
সেনা সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কয়েক দিন ধরে এলাকায় টহল জোরদার ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঢালিকান্দির মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাশের একটি পরিত্যক্ত দোকানে সন্দেহজনক বালতি দেখে তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো পাওয়া যায়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীর মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় পূর্ব বিরোধের জেরে কিছু অসাধু চক্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। এর আগে শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।