Skip to main content

Ridge Bangla

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলাকারীদের মধ্যে কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, “তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।”

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ঘোষণা দিয়েছি যে অবৈধ অস্ত্র সংক্রান্ত যে কোনো খবর আমাদের জানালে আমরা তা সংগ্রহ করব এবং খবরদাতাদের পুরস্কার প্রদান করব। এছাড়া তাদের পরিচয় গোপন রাখা হবে।”

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি খাতেও বক্তব্য রাখেন। তিনি বলেন, আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা সমস্যায় রয়েছেন। এ বিষয়ে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। আলু চাষীদের সুরক্ষার জন্য কোল্ডস্টোরে প্রতি কেজি আলুর ন্যায্য মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি আনোয়ার আলম আজাদসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরদার করা হয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন