মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব বালিগাও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী, স্থানীয় একটি মসজিদের ইমাম মুহসিন উদ্দিন, তাদের একমাত্র শিশুকন্যাকে নিয়ে নিখোঁজ রয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার আগে ইমাম মুহসিন উদ্দিন বাড়ির মালিককে ফোন করে জানান, তার স্ত্রী ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন কি না, সেটি গিয়ে দেখে আসতে।
স্থানীয় বাসিন্দা কুরবান আলী জানান, মুহসিন উদ্দিনের বাড়ি এ জেলায় নয়। তিনি প্রায় দুই বছর ধরে পূর্ব বালিগাও জামে মসজিদে ইমামতি করছেন এবং বালিগাও গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের বাড়িতে ভাড়া থাকতেন। নুরুল ইসলাম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তিনি আরও বলেন, সোমবার বিকেল ৪টার দিকে মুহসিন উদ্দিন বাড়ির মালিককে ফোন করে জানান, তার স্ত্রী হয়তো ঘরে মৃত অবস্থায় আছেন। পরে স্থানীয় লোকজন গিয়ে ঘরের ভেতরে আসমা আক্তারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে যাওয়ায় তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তদন্তের অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।