Skip to main content

Ridge Bangla

মুন্সীগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রাসেল শিকদার (৪৩)কে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজী (৩৭)-এর কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের একপর্যায়ে আল আমিন মাঝি (৩২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগানও উদ্ধার করা হয়।

এছাড়া বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আল আমিন মাঝি একটি হত্যা মামলার পলাতক আসামি।

This post was viewed: 28

আরো পড়ুন