Skip to main content

Ridge Bangla

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা, গ্রেপ্তার ৫ জন

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক মোহাম্মদ মুজিবুর রহমান (৪৫) হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টা থেকে ৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে মুজিবুরকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন লুণ্ঠন করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে বিছানা ও কম্বল দিয়ে মুড়িয়ে স্থানীয় ডোবায় ফেলে দেওয়া হয়।

ঘটনার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর সজিব দে, এসআই সোহাগ ও এসআই সাদ্দাম মোল্লার নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করা হয়।

তদন্তে জানা যায়, ৩১ অক্টোবর বিকেল ৬টার দিকে ইমরান নামের এক ব্যক্তি মুজিবুরকে মুন্সীগঞ্জ থানার পঞ্চসার ইউনিয়নের তেলেরবিল এলাকার তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। সেখানে ইমরান, জয় ও সোহাগ একসঙ্গে মাদক সেবনের পর মুজিবুরকে অচেতন করে হাত-পা বেঁধে হত্যা করে। হত্যাকাণ্ডে সোহাগ রশি দিয়ে গলায় প্যাঁচ দেন, ইমরান পা চেপে ধরে রাখেন এবং জয় বুকের ওপর বসে কাঁচি দিয়ে আঘাত করেন।

হত্যার পর তারা লাশ কম্বল ও চাদরে মুড়িয়ে সোহাগের অটোরিকশায় করে পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন অটোরিকশাটি ৯৫ হাজার টাকায় হারুন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং পরে তা আরেকজনের গ্যারেজে ১ লাখ ১ হাজার টাকায় বিক্রি করে দেয়।

বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

This post was viewed: 64

আরো পড়ুন