Ridge Bangla

মুক্তির পর থেকেই আলোচনায় ‘বাহুবলি: দ্য এপিক’

মুক্তির পর থেকেই দর্শক-আলোচনায় শীর্ষে উঠে এসেছে এস. এস. রাজামৌলির নতুন চমক ‘বাহুবলি: দ্য এপিক’। ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই মহাকাব্যিক সিনেমাটি প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়ার দুর্দান্ত অভিনয়ে ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির আগের দিনই নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রিমিয়ার আয়োজন করা হয়, যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রেড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম স্যাকনিল্কের তথ্য বলছে, মুক্তির তৃতীয় দিন রবিবার (২ নভেম্বর) ভারতে সিনেমাটি আয় করেছে আনুমানিক ৪.৪৬ কোটি রুপি। যদিও আগের দিনের তুলনায় কিছুটা কম, তবুও তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২২.৫৬ কোটি রুপি, যা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য বিগিনিং’-এর হিন্দি উইকেন্ড রেকর্ড (২২.৩৫ কোটি রুপি) ছাড়িয়ে গেছে।

প্রথম দিন প্রিমিয়ারসহ সিনেমার আয় ছিল ৯.৬৫ কোটি রুপি, যার মধ্যে শুধুমাত্র প্রিমিয়ার থেকেই এসেছে ১.১৫ কোটি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ৭.৩ কোটি হলেও, প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ৩১.৪০ কোটি রুপি, যা ভারতের ইতিহাসে পুনর্মুক্ত হওয়া কোনো চলচ্চিত্রের সর্বোচ্চ ওপেনিং রেকর্ড।

মূল ‘বাহুবলি: দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে এবং এর সিক্যুয়েল ‘বাহুবলি ২: দ্য কনক্লুশন’ আসে ২০১৭ সালে। নতুন সংস্করণ ‘বাহুবলি: দ্য এপিক’ তিন ঘণ্টা ৪৪ মিনিট দৈর্ঘ্যের, যেখানে সংযোজন করা হয়েছে কিছু নতুন দৃশ্য ও উন্নত ভিএফএক্স। সিনেমাটিতে প্রভাস আবারও শিবুড়ু ও অমরেন্দ্র বাহুবলির দ্বৈত চরিত্রে, রানা দাগ্গুবতী ভল্লালদেব, আনুশকা শেঠি দেবসেনা এবং তামান্না ভাটিয়া অবন্তিকার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রম্যা কৃষ্ণান, সত্যরাজ ও নাসার।

This post was viewed: 53

আরো পড়ুন