Skip to main content

Ridge Bangla

মুক্তির আগেই আইনি জটিলতায় ইয়ামি গৌতম ও ইমরান হাশমির সিনেমা ‘হক’

বলিউড তারকা ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন জানিয়ে আগামী ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের দাবি জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে দাখিল করা আবেদনে অভিযোগ করেছেন, সিনেমাটিতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং শরিয়াহ আইনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া শাহ বানোর জীবনের ঘটনাগুলো অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা। আদালত এ বিষয়ে শিগগিরই শুনানি শুরু করবে বলে জানা গেছে।

আইনজীবী তৌসিফ ওয়ারসি সাংবাদিকদের বলেন, “‘হক’ সিনেমাটি দুই ঘণ্টারও বেশি দীর্ঘ। এতে শাহ বানোর জীবনের কোন অংশ কীভাবে দেখানো হয়েছে, তা আমাদের জানা নেই। তাই মুক্তির আগে ছবির কাহিনি ও মূল বিষয়বস্তু আদালতের সামনে উপস্থাপন করতে হবে।”

এর আগে শাহ বানোর পরিবার সিনেমাটির প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়ে দাবি করেছিল, তাদের অনুমতি ছাড়া শাহ বানোর ব্যক্তিজীবন পর্দায় তুলে ধরা মানহানিকর এবং আইনগতভাবে অপরাধ।

উল্লেখ্য, ‘হক’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা পেলেও মুক্তির আগেই ছবিটি বিতর্কে জড়িয়ে পড়েছে। শাহ বানো মামলা ভারতের অন্যতম ঐতিহাসিক মুসলিম নারী অধিকার ইস্যু, যা এখন আবারও চলচ্চিত্রের মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন