গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কাভার্ডভ্যানের হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে আহতকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।