দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে সরকার ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটির কার্যক্রম সারা দেশে বিস্তৃত থাকবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হয়েছে।
সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য একটি সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। এ লক্ষ্যে সেলটি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন ও খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে উদ্ভূত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে সেলটি প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করবে।
এছাড়া প্রয়োজন অনুযায়ী আলোচনার মাধ্যমে নতুন সদস্য যোগ করার (কো-অপ্ট) সুযোগও রাখা হয়েছে। সেলের প্রশাসনিক ও দাপ্তরিক সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়।