Skip to main content

Ridge Bangla

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

চট্টগ্রারের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সড়ক ও সেতু নির্মাণে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্যাকেজ নম্বর ডব্লিউডি-২৩-এর পূর্তকাজ বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি সরকারি অর্থ এবং বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। ভ্যাট ও করসহ এ কাজের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোট ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে ৩টি দরপত্রকে কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডকে কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

এই প্যাকেজের আওতায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৮ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ৩৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে।

পরিকল্পনা কমিশন চলতি বছরের ১৯ জানুয়ারি প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

This post was viewed: 1

আরো পড়ুন