রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ভেঙে তাদের ওপর পড়ে।
দুর্ঘটনার পর কয়েকজন নারী ও পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।