রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হলেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) এবং সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী, মনির হোসেন ও নালাম সরদার গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।