Ridge Bangla

মিয়ানমার সীমান্তে ১০৯ কি.মি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) দুপুর ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে প্রায় সার্বক্ষণিক সংঘাত চলছে। এছাড়া আরএসইউ, আরসা, আরাকান আর্মিসহ আরও কয়েকটি বিদ্রোহী সংগঠনের মধ্যে প্রায়ই অভ্যন্তরীণ সংঘর্ষ হয়। এসব সংঘাতের প্রভাব অনেক সময় বাংলাদেশের ভূখণ্ডেও এসে পড়ে।

তিনি বলেন, ‘এসব কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে গোলাগুলির কারণে আমাদের নাগরিকেরা প্রাণ হারান। সে জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে, আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার।’

ভারত ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির তুলনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের বর্তমান বাস্তবতা ভারতের সীমান্তের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাই দুই সীমান্তকে একই দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা যাবে না।

সীমান্ত এলাকায় ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবিলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকায় মাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মাইন খুঁজে বের করার জন্য ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, ওগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজিবির কাছে দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা কাজ করছে, যাতে মাইন দুর্ঘটনা আর না হয়।’

This post was viewed: 3

আরো পড়ুন